কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনে-দুপুরে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক শহিদুল ইসলাম (৩২) ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা মোহরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গঙ্গারহাট বাজার থেকে তিনজন যাত্রী শহিদুলের অটোরিকশা রিজার্ভ নেয় নাগেশ্বরীর উদ্দেশ্যে। পথিমধ্যে দুর্বৃত্তরা কৌশলে তাকে স্পিড খাইয়ে অচেতন করে। পরে একজন তার আসনে বসে রিকশাটি চালিয়ে নিয়ে যায়। নাগেশ্বরী উপজেলার সামনে শহিদুলকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
বিকেল সাড়ে ৩টার দিকে পথচারীরা শহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
শহিদুলের বাবা আবুল হোসেন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে অটোরিকশাটি কিনে দিয়েছিলেন। সেটি দিয়েই সংসার চলত এবং কিস্তি শোধ করা হতো। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পরিবারটি এখন চরম সংকটে পড়েছে। তিনি দ্রুত ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, একই কৌশলে একাধিক অটোরিকশা চালক ইতিমধ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় এভাবে অচেতন করে ছিনতাইয়ের শিকার হওয়া এক প্রবীণ চালক অসুস্থ হয়ে মারা গেছেন বলেও জানা গেছে।
অটোরিকশা চালকরা বলছেন, দিনে-দুপুরে এভাবে ছিনতাই বেড়ে যাওয়ায় তারা এখন জীবন ও জীবিকা নিয়ে ভীত-সন্ত্রস্ত। এলাকাবাসীর দাবি, দ্রুত এ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
Leave a Reply