কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের ভবনের তিনতলা থেকে পড়ে মুন্তাহা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত মুন্তাহা ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের জ্যেষ্ঠ কন্যা। পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনার জন্য কয়েকদিন আগে নানার বাড়ি এসেছিল মুন্তাহা। তার নানা ফজলু ও মজনু মিয়া বলেন,
“ছোট্ট নাতনীটি স্কুলে পড়াশোনা করার জন্য আমাদের কাছে এসেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে হারাতে হলো।”
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, খেলার সময় হঠাৎ তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যায় মুন্তাহা। স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিস্তা সেতুর কাছে তার মৃত্যু হয়।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুল চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করেন না। এ কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ বিষয়ে স্কুল কর্তপক্ষ ও নিহতের পরিবার থেকে কিছু জানায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার পরেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
Leave a Reply