কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুরের কৃতী সন্তান হাফেজ ডা. ইব্রাহিম ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি একাধারে হাফেজে কোরআন, মাদ্রাসাশিক্ষিত, এমবিবিএস ডাক্তার এবং এখন বিসিএস ক্যাডার।
প্রাথমিক স্তরে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে শিক্ষাজীবন শুরু করা ইব্রাহিম বালুবাগান হিফজ মাদ্রাসায় মাত্র দেড় বছরে সম্পূর্ণ কোরআন হিফজ করেন। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা এবং ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নকালে ধারাবাহিকভাবে ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০১১ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েটে জিপিএ-৫সহ বৃত্তি পান তিনি। পরে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে এফসিপিএস ডিগ্রির জন্য অধ্যয়নরত আছেন।
হাফেজ ডা. ইব্রাহিমের বাবা আলহাজ্ব মাওলানা একে.এম. মোস্তাফিজুর রহমান ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। চার ভাইয়ের মধ্যে ইব্রাহিম দ্বিতীয়। তার বড় ভাই মিশরের আযহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে মাস্টার্স ও এমফিল করেছেন এবং বর্তমানে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক। তৃতীয় ভাই একই মাদ্রাসায় আল-কুরআন বিষয়ে প্রভাষক এবং ছোট ভাই আন্তর্জাতিক হাফেজে কোরআন হিসেবে সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত।
নিজের প্রতিক্রিয়ায় ডা. ইব্রাহিম বলেন, “আলহামদুলিল্লাহ, আমার এ অর্জন আল্লাহর রহমত ও মায়ের দোয়ার ফল। আমি আমার জ্ঞান দিয়ে গ্রামের মানুষের সেবা করতে এবং দ্বীনের খেদমতে কাজ করতে চাই। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন এ পথে অটল থাকতে পারি।”
এলাকাবাসীরাও তাদের গ্রামের সন্তান বিসিএস ক্যাডার হওয়ায় গর্ব প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী।
Leave a Reply