রোকনুজ্জামান রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় এক বিরল ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে শুয়ে পড়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের এক শিশু সকালে ক্ষেত থেকে শাক তুলতে যাওয়ার পথে গাছের গোড়ায় অজগর সাপটিকে দেখতে পায়। ভয়ে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। সবার হৈচৈ শুনে সাপটি গাছ বেয়ে প্রায় ১২-১৫ ফুট ওপরে উঠে একটি মোটা ডালে শুয়ে থাকে। এরপর মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ও শিশুরা ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, আগে কখনো অজগর সাপকে গাছে উঠতে তারা দেখেননি। এলাকাটিতে বড় ধরনের বনজঙ্গল নেই। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কোনো বন্যার সময় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি ভেসে এসে আশপাশে আশ্রয় নিতে পারে।
পরে খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করেন। বন বিভাগের সহযোগিতায় সেটিকে বস্তায় ভরে নিরাপদে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ জানান, আলোচনা শেষে অজগরটিকে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
গ্রীন ভয়েস ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং এর আনুমানিক বয়স প্রায় ১০ বছর।
Leave a Reply