নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
অর্ধশতাব্দী প্রাচীন কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের দখলদারত্ব, অনিয়ম ও ধ্বংসযজ্ঞ বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার ১৯টি সাংস্কৃতিক, সাহিত্য, বিজ্ঞান ও নাগরিক সংগঠন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও পাঠাগারের সভাপতি সিফাত মেহনাজের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
অভিযোগে বলা হয়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটি বর্তমানে ব্যক্তিস্বার্থে কোচিং সেন্টারে পরিণত হয়েছে। সাধারণ পাঠক ও শিক্ষার্থীরা কার্যত প্রবেশাধিকার হারিয়েছেন। ২০১৬ সাল থেকে কোচিং কার্যক্রম শুরু হয়ে ধীরে ধীরে পুরো পাঠাগার দখলে চলে যায়। সপ্তাহের সাত দিনই কোচিং চলায় পাঠাগারের মূল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এছাড়া ২০২৩ সালের নভেম্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে পাঠাগারের দোতলায় ‘কুড়িগ্রাম সাংস্কৃতিক কেন্দ্র’ গড়ে তোলা হলেও চলতি বছরের ১ সেপ্টেম্বর রাতে তালা ভেঙে কেন্দ্রটি দখল করে নেয় দুর্বৃত্তরা।
স্মারকলিপিতে আরও বলা হয়, পাঠাগারের ভেতরে ব্যক্তিগত বই ও চাকরির গাইড স্তূপ করে রাখা হচ্ছে, টেবিল-চেয়ার ভাগ করে ব্যক্তিগত রিডিং রুম বানানো হয়েছে। অবহেলায় অমূল্য ও প্রাচীন বইগুলো নষ্ট হচ্ছে।
সংগঠনগুলোর দাবি, অবৈধ দখল উচ্ছেদ করে পাঠাগার সংস্কার ও বই সংরক্ষণ করতে হবে। পাশাপাশি দোতলার কক্ষ পুনরায় ‘কুড়িগ্রাম সাংস্কৃতিক কেন্দ্রের’ কাছে ফিরিয়ে দিতে হবে।
সংগঠনগুলো জানায়, “কুড়িগ্রাম সাধারণ পাঠাগারকে বাঁচানো মানে কুড়িগ্রামের শিক্ষা, সংস্কৃতি ও ভবিষ্যৎকে বাঁচানো।”
এ ব্যাপারে জেলা প্রশাসক ও পাঠাগারের সভাপতি সিফাত মেহনাজ বলেন, ‘স্মারকলিপিটি আমি আজ পেয়েছি। বিস্তারিত জেনে কী ব্যবস্থা নেওয়া যায় দেখবো।’
Leave a Reply