জবি প্রতিনিধি:
আগামী নির্বাচনের পর কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘নারী নিপীড়নের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রবিউল আউয়াল বলেন, “১৯৭১ সালে আমাদের মা-বোনদের যারা ধর্ষণ করেছে, তাদের উত্তরসূরিরা আজও সেই কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছে। যাদের পূর্বসূরিরা এ দেশে পরাজিত হয়ে পালিয়েছে, তারাই আবার রাজনীতি করতে চায়। আমরা আশাবাদী, নির্বাচনের পরে তারা আবারও পালিয়ে যাবে। এ দেশের মাটিতে কোনো পাকিস্তানি আদর্শ কায়েম হতে দেব না। কোনো রাজাকারের বংশধরকে স্টাবলিশ হতে দেব না, কোনো শিবিরের বাচ্চাকে রাজনীতি করতে দেব না।”
রবিউল আওয়াল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং ৭ম ব্যাচের ছাত্র বলে জানা গেছে।
জানা যায়, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীর বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তার প্রতিবাদে জবি ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচি থেকে ছাত্রদল নেতারা বলেন, শিবির দীর্ঘদিন ধরে গোপনে রাজনীতি চালিয়ে আসছে। ছাত্রলীগের ছায়াতলে আশ্রয় নেওয়া এ সংগঠন এখন প্রকাশ্যে নারীদের গণধর্ষণের হুমকি দিচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তারা আরও বলেন, শিবিরের যে কর্মী নারী শিক্ষার্থীকে এ ধরনের হুমকি দিয়েছে, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply