কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্কুল থেকে ফেরার পথে সাপে দংশনে আহত হয়েছে সাদিকুর রহমান সাদিক (৮) নামের এক শিশু। বুধবার বিকেলে উপজেলার বালাটারি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা ধানক্ষেতে ঘেরাও করে বিষধর সাপটিকে মেরে ফেলে।
আহত সাদিক ওই গ্রামের জাইদুল হকের ছেলে এবং বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় হযরত আলী জানান, বাড়ি ফেরার পথে সাইকেলের চাকা সাপের ওপর উঠে যায়। এ সময় ভয় পেয়ে সাইকেল থেকে লাফ দিলে শিশুটি সাপের কামড়ে আহত হয়। চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে ধানক্ষেতে লুকিয়ে থাকা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
ঘটনার পর ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সাদিক। পরিবারের লোকজন দ্রুত সাপসহ তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শিশুটির বাবা জাহিদুল হক বলেন, “সাপের কামড়ের খবর পেয়ে আমরা দৌড়ে যাই। পরে প্রতিবেশীদের সহায়তায় সাপটিকে মেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসা দেওয়ার পর ছেলের জ্ঞান ফিরেছে।”
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ বলেন, দংশন করা সাপসহ রোগীকে নিয়ে আসায় দ্রুত তার চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। তাকে সাপে কাটার সব ধরণের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে, তবে সাপটি যেহেতু বিষধর, তাই তাকে কমপক্ষে তিনদিন পর্যবেক্ষণে রাখতে হবে।
Leave a Reply