কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে নুর মোহাম্মদ (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নুর মোহাম্মদ উলিপুর উপজেলার কামালখামার এলাকার জহুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০–২৫ জন গরু ব্যবসায়ীকে নিয়ে একটি নৌকা কাজিয়ার চর এলাকায় পৌঁছায়। এ সময় নৌকার ধারে বসে প্রস্রাব করছিলেন নুর মোহাম্মদ। হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই স্রোতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
তার চাচা ও ব্যবসায়িক অংশীদার মশিউর রহমান বলেন, “আমরা কয়েকজন ব্যবসায়ী মিলে গরু কেনার জন্য খেওয়ার চর হাটে যাচ্ছিলাম। ব্যবসায়ী অংশীদাররা নুর মোহাম্মদের কাছে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা জমা দিয়েছিলেন। এছাড়াও তার কাছে নিজের কিছু টাকা ছিল। দুর্ভাগ্যবশত প্রস্রাব করার সময় সে নদীতে পড়ে যায়। আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় খোঁজ চালাচ্ছি, কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি।”
নামাজের চর তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির স্টেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদ খরস্রোত। আর যেখানে ঘটনা ঘটেছে এর গভীরতা অন্তত ২০ ফুট। ফলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
Leave a Reply