কুড়িগ্রাম, ১৩ আগস্ট ২০২৫ খ্রি.
কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি গত দুই দিন ধরে ক্রমাগত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, ব্রহ্মপুত্রের পানি পৌঁছাতে পারে সতর্কসীমায়।
উজানে ভারী বৃষ্টিপাত ও জেলার বিভিন্ন পয়েন্টে বৃষ্টির কারণে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পাটেশ্বরী গেজ স্টেশনে ৮৯ মিমি, ব্রহ্মপুত্রের চিলমারী স্টেশনে ৬৩ মিমি এবং তিস্তার কাউনিয়া স্টেশনে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়।
এদিকে, নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজারহাটের বিদ্যানন্দ ও নাজিমখাঁন এলাকায় ভাঙন শুরু হয়েছে। হাঁসারপাড় গ্রামের শতাধিক বসতবাড়ি ও একটি মাদ্রাসা ভাঙন হুমকিতে রয়েছে। স্থানীয়রা জিও ব্যাগ দিয়ে জরুরি ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন।
ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করছে। নাগেশ্বরী, উলিপুরসহ কিছু এলাকায় পানি ঢুকতে শুরু করলেও এখনো বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।
পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, নাজিমখাঁন এলাকায় ভাঙনরোধে এক হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, সম্ভাব্য বন্যা মোকাবিলায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে।
Leave a Reply