কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
সিলেটের বিখ্যাত পর্যটনকেন্দ্র জাফলং ও ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় প্রতিদিনই চলছে অবৈধ পাথর উত্তোলন ও পাচার। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই লুটপাট অব্যাহত রয়েছে।
সরকার পরিবর্তনের পর লুটপাট বেড়েছে বহুগুণ। এলাকাবাসীর দাবি, স্থানীয় দখলদার চক্রের সঙ্গে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জড়িত। শত শত নৌকা ও ডাম্পার ট্রাকে পাথর উত্তোলন করে প্রতিদিন কোটি টাকার বেশি মূল্যের পাথর পাচার হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৯টি মামলা দায়ের ও ২২৬ জনকে আসামি করা হলেও, জামিনে মুক্তি পাওয়া অনেকে পুনরায় লুটপাটে যুক্ত হয়েছে। কয়েকদিন আগে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধ ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তা কার্যকর ছিল মাত্র কয়েকদিন।
স্থানীয়রা জানান, দিনের বেলায় প্রকাশ্যে নৌকা ও ডাম্পারে পাথর লোড হয় এবং রাতের অন্ধকারে বড় ট্রাকে তা পাচার করা হয়। এতে নদী, পাহাড় ও চরাঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে; গাছপালা, মাছের প্রজনন ক্ষেত্র ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে।
পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই প্রাকৃতিক সম্পদ ও পর্যটনকেন্দ্র স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে নিয়মিত অভিযান, প্রভাবশালীদের বিচারের আওতায় আনা এবং বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply