কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সৎ বাবার বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। ভুক্তভোগী শিশু তাসিন (৬) লালমনিরহাটের সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে মা ববিতা বেগমের সঙ্গে বসবাস করছিল। প্রায় ছয়-সাত মাস আগে ববিতা বেগমের বিয়ে হয় লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার মুরাদ বেড়ানোর প্রলোভন দেখিয়ে তাসিনকে সঙ্গে নিয়ে সারাদিন মোটরসাইকেলে ঘোরাঘুরি করেন। রাত ৯টার দিকে ছড়ারপাড়ে রাস্তার ধারের একটি পুকুরে ঠেলে ফেলে চলে যান তিনি। এসময় বাজার থেকে ফেরার পথে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম শিশুটিকে পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে ফুলবাড়ী থানা পুলিশ শিশুটিকে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, তাৎক্ষণিক উদ্ধার না হলে তাসিনকে বাঁচানো সম্ভব হতো না। তারা এমন নৃশংস ঘটনার জন্য দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম বলেন, লালমনিরহাট থানা পুলিশ মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply