কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে পৌর শহরের নারিকেলবাড়ি কাজীর চক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রামদাস ধনিরাম এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত আতিকুর রহমান উলিপুরের বিভিন্ন বাজারে পাইকারি ওষুধ সরবরাহ করতেন এবং এলাকায় একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
Leave a Reply