জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ফিন্যান্স বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী নাবিল হোসাইনসহ একাধিক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা। হামলায় সরাসরি জড়িতদের মধ্যে সুমন ভুঁইয়া ও মুফতিযুল কবির কিরণের নাম উল্লেখ করা হয়।
ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা সবসময় শান্তিপূর্ণ সমাজ চাই, কিন্তু একটি গোষ্ঠী বারবার সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দ্রুত আইনগত ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। সেইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হল চালুর দাবি জানানো হয়।
বৃহস্পতিবার রাতে জবি ফাইন্যান্স বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী নাবিল হোসাইন বরিশালগামী সুন্দরবন-১২ লঞ্চে ওঠেন। সেখানে কেবিন ভাড়া নিতে চাপ প্রয়োগ করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে লঞ্চ কর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তাকে মারধর করা হয়।
খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সুন্দরবন-১২ লঞ্চে ভাঙচুর চালায়।
শিক্ষার্থীদের অভিযোগ, এ হামলার পেছনে সদরঘাটের ইজারাদার ও দক্ষিণাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়ার অনুসারীরা জড়িত।
এদিকে যৌথ বাহিনীর অভিযানে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে কিরণ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনো বিস্তারিত রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
Leave a Reply