কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
বিশ্বখ্যাত তরুণ উদ্ভাবক ও রোবোলাইফ টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাভলু এক চরম হতাশাজনক ও অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ফেনীর দুই হাতহীন যুবক আয়াজ রূপমকে বিনামূল্যে রোবটিক হাত দেওয়ার প্রস্তাব দিয়ে উল্টো হুমকি ও কটূক্তির শিকার হয়েছেন তিনি।
মানবিক সহানুভূতির জায়গা থেকে জয় বড়ুয়া রূপমকে স্বউদ্যোগে একটি রোবটিক হাত উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু রূপম সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানান, তিনি রোবটিক হাত নিতে চান না—বরং সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করে পরিচিতি ও অনলাইন আয়েই তার আগ্রহ বেশি।
পরবর্তীতে দেশজুড়ে অনেকেই জয় বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করে রূপমকে সহায়তা করার অনুরোধ জানান। এতে বিভ্রান্তি দূর করতে জয় একটি ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি রূপমের অনাগ্রহ এবং নিজের অবস্থান তুলে ধরেন।
এই ভিডিওর পর রূপম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভিডিও বার্তায় জয় বড়ুয়াকে সরাসরি হুমকি দিয়ে বলেন, “তুই যদি আমার সামনে আসতি, তোকে আমি দেখে নিতাম।”
ঘটনায় ব্যথিত জয় বড়ুয়া বলেন, “আমি যদি ফেনীতে থাকতাম, তাহলে হয়তো সে আমাকে মারতেই আসতো। এই হুমকি একজন উদ্ভাবকের জন্য অত্যন্ত অপমানজনক।” তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করলেই কি গালি খেতে হবে? হুমকি সহ্য করতে হবে? আমরা উদ্ভাবক—অপমান সহ্য করেই বাঁচতে পারি না।”
জয় বড়ুয়া ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন। শিগগিরই মামলাও দায়ের করবেন বলে জানান।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত জয় বড়ুয়ার রোবোলাইফ টেকনোলজিস এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি হাত হারানো মানুষকে স্বল্পমূল্যের রোবটিক হাত দিয়ে সহায়তা করেছে। এই উদ্ভাবন ইতোমধ্যে ভারত, মালয়েশিয়া, তুরস্ক ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। তিনি জাপানের আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্বের শীর্ষ ১০ তরুণ রোবট গবেষকের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
ঘটনাটি প্রযুক্তি ও উদ্ভাবনপ্রেমী মহলে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন- জয় বড়ুয়ার মতো উদ্ভাবকদের সম্মান ও নিরাপত্তা দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
Leave a Reply