কুড়িগ্রাম সংবাদ ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সংগঠনের সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রংপুর মহানগর ও কুড়িগ্রাম জেলা কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত কমিটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।”
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) একই কারণ দেখিয়ে রংপুর ও নাটোর জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটি গঠন করা হয় ইমরান আহমেদকে আহ্বায়ক এবং ডা. আশফাক আহমেদ জামিলকে সদস্যসচিব করে। ওই দিনই রংপুর মহানগর কমিটি গঠন করা হয় ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্যসচিব করে।
কমিটি গঠনের পর থেকেই রংপুর অঞ্চলে সংগঠনের বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এবং নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অনিয়ম ও বিতর্কের জেরে পরে অনেক নেতা পদত্যাগ করেন বলেও জানা গেছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। নতুন নেতৃত্বের মাধ্যমে শুদ্ধি অভিযান চালিয়ে সংগঠনের নীতিগত অবস্থান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করছেন।
Leave a Reply