নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি ২০২৫ শিক্ষাবর্ষেই এই বৃত্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার মতোই এবার মাধ্যমিক পর্যায়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও বৃত্তির দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। তবে এখনো নির্ধারিত হয়নি, এই পরীক্ষা শিক্ষা বোর্ড নাকি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করবে। খুব শিগগিরই এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর লক্ষ্যে গত ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে জানানো হয়, সর্বশেষ ২০০৯ সালে অষ্টম শ্রেণির জন্য বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপর ২০১০ সাল থেকে অষ্টম শ্রেণিতে চালু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। পাবলিক পরীক্ষার আদলে নেওয়া এই পরীক্ষাগুলোতে মেধার মূল্যায়নের চেয়ে কোচিং ও নোট-গাইডের ওপর নির্ভরতা বাড়ে। শিক্ষাবিদ ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল এই পরীক্ষাগুলো বাতিল করার। ২০২৩ সালে সরকার সেই দাবি বাস্তবায়ন করে জেএসসি-জেডিসি পরীক্ষা বন্ধ করে দেয় এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের পথ খোলে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের সময়ও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, বন্ধ ছিল বৃত্তি ব্যবস্থাও।
চলতি বছরে আবারও বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও এখনো নির্ধারিত হয়নি কীভাবে শিক্ষার্থীদের নির্বাচিত করা হবে। পূর্বের নীতিমালা অনুযায়ী, অষ্টম শ্রেণির নির্দিষ্ট একটি শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেত। তবে নতুন নীতিমালা এখনো চূড়ান্ত নয়।
বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার বলেন,চলতি শিক্ষা বছর থেকেই অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে, যাতে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন নিশ্চিত করা যায়।
শিক্ষা সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্ত দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের মধ্যকার সৃজনশীল প্রতিযোগিতা বাড়াবে।
Leave a Reply