কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্ব কালুডাঙ্গা গ্রামে একটি নকল সিগারেট তৈরির গোপন কারখানার সন্ধান মিলেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে স্থানীয়দের সন্দেহে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটকরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তারা সকলেই নীলফামারী জেলার জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কালুডাঙ্গা গ্রামের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘স্টার’ ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি হচ্ছিল। সেখান থেকে সিগারেটগুলো উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। স্থানীয়রা জানান, বাড়িটি সবসময় তালাবদ্ধ থাকতো, মাঝে মাঝে অচেনা কিছু লোক যাতায়াত করতো। এতে তাদের সন্দেহ হয় এবং পরে বিষয়টি পুলিশের নজরে আনেন।
অভিযানে বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকার ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব বলেন, ‘মালামালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply