নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদী তীরবর্তী শতাধিক চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিচু এলাকার ফসলি জমি ইতোমধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম পয়েন্টে তিস্তার পানি ২৯ দশমিক ৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমা (২৯.৩১ সেমি) থেকে মাত্র ০.৬ সেন্টিমিটার নিচে। কুড়িগ্রাম পাউবো নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিস্তা ব্যারেজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ডালিয়া পয়েন্টে নিয়োজিত পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে পানির প্রবাহ বাড়তে শুরু করে এবং বিপজ্জনক চাপ তৈরি হওয়ায় ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, “তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও কৃষি জমি প্লাবিত হতে পারে, তবে তা স্বল্পমেয়াদি হবে বলে আশা করা হচ্ছে।”
এদিকে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে গত রোববার সন্ধ্যায় পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অনেক এলাকায় নিচু জমি ও ধানক্ষেত ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে বলে জানা যায়।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা এলাকার বাসিন্দা মিলন জানান, “পানি কিছুটা বাড়ছে, তবে এখনও তেমন বন্যার পরিস্থিতি হয়নি।” অন্যদিকে, গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সদস্য নুর ইসলাম জানান, রোববার সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে এবং উজান থেকেও প্রচুর পানি আসছে, ফলে নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।
পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উজান থেকে পানি আসার পাশাপাশি প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে প্রবেশ করেছে।”
Leave a Reply