আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৩০ নম্বর পেয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ব্যাপারীটারী গ্রামের শিক্ষার্থী তাসফিয়া তাইমুম তুশিন উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই অসাধারণ সাফল্য অর্জন করে সে।
তুশিন নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তার বাবা তাজুল ইসলাম গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা রাশেদা পারভীন একজন গৃহিণী।
ফলাফল সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তুশিন জানায়, “প্রথমে শুধু জানতাম জিপিএ-৫ পেয়েছি। পরে জানতে পারি আমি উপজেলায় দ্বিতীয় হয়েছি। তখন সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম। এই ফল একার অর্জন নয় বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং সবার দোয়া ও সহযোগিতার ফসল। ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
তুশিনের বাবা তাজুল ইসলাম বলেন, “সে নিয়মিত পড়াশোনা করেছে এবং বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করেছে। এই সাফল্যের পেছনে তার পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও দিকনির্দেশনা কাজ করেছে।”
মা রাশেদা পারভীন বলেন, “মেয়ের এমন অর্জনে আমি খুবই গর্বিত। মনে হচ্ছে যেন আমি নিজেই ভালো রেজাল্ট করেছি। ওর জন্য সবার দোয়া চাই।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, “এই বছর আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তুশিন। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশাবাদী, সে ভবিষ্যতে আরও ভালো করবে।”
Leave a Reply