রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সাজু (৩৫) নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে রৌমারী উপজেলা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাজু জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের ফুলু শেখের ছেলে।
স্থানীয় সিএনজি চালক ও মালিকরা জানান, সিএনজি স্ট্যান্ড এলাকা প্রায়ই মাদক পরিবহনের গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মঙ্গলবারও একটি সিএনজির মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা হয়। সন্দেহ হলে স্থানীয় চালক ও মালিকরা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজিতে থাকা চারটি ব্যাগে ভরা ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদককারবারি পালিয়ে গেলেও চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরে দ্রুত অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে গেলেও সিএনজি চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গাঁজার মালিকসহ দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply