জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা করেছে। ছাত্রশিবির শাখার দাবির পরিপ্রেক্ষিতে গৃহীত এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) ক্যাফেটেরিয়ায় থাই গ্লাসের পার্টিশন বসানোর কাজ চলতে দেখা যায়। সংশ্লিষ্ট কর্মীদের মতে, সোমবার থেকেই কাজটি শুরু হয়েছে।
এর আগে, গত ২৭ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর ৭ দফা দাবি পেশ করে স্মারকলিপি জমা দেয় জবি শাখা ছাত্রশিবির। সেখানে পূর্ণ পর্দা রক্ষা করে খাবার খেতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবি জানানোর ৫ মাস পর এই উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,’আমাদের দাবিগুলো উপাচার্য সাদরে গ্রহণ করেছিলেন। দেরিতে হলেও প্রশাসন এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর জন্য আমরা ছাত্রশিবিরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাকি দাবিগুলোও যেন শীঘ্রই আমলে নেয় আমরা সেই আশা করি।’
জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য পর্দার সুব্যবস্থাসহ খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত বাকি দাবিগুলো তারা পূরণ করবে এবং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী ক্যাম্পাস গড়ে তুলবে।
Leave a Reply