সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট :
লালমনিরহাট জেলার সীমান্তে আবারও পুশইন ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কয়েকদিন বিরতির পর আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) ভোরে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করে ভারতের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা।
সূত্রে জানা যায়, ভোরে দুর্গাপুর বিওপির ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরবর্তীতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী এলাকা থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু। তারা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন। ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফের কাছে হস্তান্তর করে এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে দেয়।
আটককৃতদের সবার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় বলে জানা গেছে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত হলে তাদের আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পুশইনের বিষয়ে প্রতিবাদ জানিয়ে ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই ধরনের পুশইনের ঘটনা আগে বহুবার ঘটলেও সম্প্রতি কিছুদিন বন্ধ ছিল। তবে আজকের ঘটনাটি সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।
Leave a Reply