জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে A, B, C, D ও E ইউনিটে ৮ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২ জুলাই (বুধবার) থেকে।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয় প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২জুলাই হতে ৪জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে পারবে।
পরিশোধকৃত ভর্তি ফিসের প্রাপ্তি স্বীকার করে শিক্ষার্থীদের একই সময়ের মধ্যে (সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে।
অনুষদে ভর্তি ফিসের ব্যাপারে এতে বলা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগ, ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা ও চারুকলা অনুষদের ১২ হাজার ৪৩ টাকা (ব্যবহারিক ক্লাসসহ)। এছাড়া বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ইনস্টিটিউটসমূহ ১০ হাজার ৪৩০ টাকা।
জমা দিতে হবে যেসব কাগজপত্র : এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর স্বাক্ষরিত প্রবেশপত্র (Admit Card); অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম; সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
Leave a Reply