মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় বয়ে চলা ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী বছরের পর বছর ধরে এ অঞ্চলের মানুষের চোখে জল এনে দিয়েছে। নদীভাঙনে হারিয়েছে হাজারো পরিবার তাদের ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান আর জীবন-জীবিকা। তবে সেই চিরচেনা দুর্ভোগের দিন যেন এবার পেছনে ফেলে আসছে কুড়িগ্রামবাসী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে প্রায় ২ হাজার ২ শত ৫১ কোটি টাকা ব্যয়ে এই তিন নদীর তীর রক্ষা এবং ব্যবস্থাপনার চারটি বৃহৎ প্রকল্প এখন প্রায় শেষ পর্যায়ে।
২০১৯ সাল থেকে চলমান এসব প্রকল্পের মধ্যে ধরলা নদীর তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় চালানো হচ্ছে। এই প্রকল্পের মোট ব্যয় ৬২৯ কোটি টাকা এবং বর্তমানে কাজের অগ্রগতি ৭৩ শতাংশে পৌঁছেছে। ব্রহ্মপুত্র নদকে ঘিরে দুইটি প্রকল্পে চিলমারী ও উলিপুর উপজেলার ডানতীর ভাঙন রোধে ৪৪৮ কোটি টাকার প্রকল্পে ৯৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং রৌমারী ও রাজিবপুর উপজেলার বামতীর সংরক্ষণ প্রকল্পে ৪৮০ কোটি টাকা ব্যয়ে ৯৮ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে, জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ৬৯২ কোটি টাকা ব্যয়ে এখন পর্যন্ত ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে। এসব প্রকল্পের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।
এই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে জেলার প্রায় ১৫ লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে হাজারো বসতবাড়ি, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ ও হাট-বাজার। একই সঙ্গে কৃষিকাজে নিরাপত্তা ফিরে আসবে, বাড়বে আর্থ-সামাজিক স্থিতি। ভাঙনের আতঙ্ক দূর হয়ে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে নদী তীরবর্তী জনপদে।
পাউবোর সংশ্লিষ্ট প্রকৌশলীরাও জানিয়েছেন, গুণগতমান বজায় রেখেই নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা হবে। রৌমারী ও রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র বামতীর প্রকল্পের পরিচালক প্রকৌশলী আহসান হাবীব জানান, ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে, জুনেই বাকি কাজও সম্পন্ন হবে। ধরলা ও দুধকুমার প্রকল্পের পরিচালক প্রকৌশলী মাহবুবর রহমান জানান, ধরলা নদীতে ৭৩ এবং দুধকুমারে ৬১ শতাংশ কাজ শেষ, সময়মতো বাকি কাজ শেষ করার প্রস্তুতি চলছে। ব্রহ্মপুত্র ডানতীর প্রকল্পের পরিচালক প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ৯৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিটাও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।
সব মিলিয়ে বলা যায়, নদীভাঙনের ইতিহাসে বিদায়ের সুর বাজাতে চলেছে কুড়িগ্রাম। শুধু নদীর তীর নয়, এই প্রকল্প রক্ষা করবে মানুষের ঘর, ভাঙনের ভয়, আর ফিরিয়ে দেবে এক টুকরো স্বস্তির জীবন।
Leave a Reply