কুড়িগ্রাম প্রতিনিধি:
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও সেনাবাহিনী। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি বাস কাউন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে উলিপুর উপজেলার ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্যান্য প্রশাসনিক সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এ কারণে তৃষা পরিবহন ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের কাউন্টার মালিকদের ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, “ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য পেয়ে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করি। মোবাইল কোর্ট আইন অনুযায়ী সংশ্লিষ্টদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ বলেন, “ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
Leave a Reply