কুড়িগ্রাম প্রতিনিধি
প্রতি বছরের মতো এবারও সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৬ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে প্রায় ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন নারী অংশ নেন। নামাজে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা হিজবুল্লাহ। এতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন নারী ঈদের নামাজ আদায় করেন।
রাজিবপুর উপজেলার করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মাঠে মাওলানা আব্দুল হাকিমের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৭০-৮০ জন মুসল্লি নামাজ আদায় করেন।
ফুলবাড়ী উপজেলার জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় ২০ গ্রামের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। জামাতে প্রায় ৭০-৮০ জন অংশ নেন এবং ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম।
এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, এসব জামাতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply