কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সরকারি ভিজিএফের চালের অনিয়ম ও কালোবাজারির অভিযোগে সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ হাজার কেজি (৭.৫ মেট্রিক টন) চাল জব্দ করেছে। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের পাশে বিভিন্ন গুদামে মজুদ রাখা চাল উদ্ধার করা হয়। ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ৮০ মেট্রিক টন চাল বিতরণের কথা ছিল। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনা থাকলেও বিতরণের আগেই স্লিপ বিক্রির অভিযোগ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধারণ মানুষের কাছে সীমিত সংখ্যক স্লিপ বিতরণ করে অধিকাংশ স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পরে ওই স্লিপ ব্যবহার করে চাল উত্তোলন করে বাজারের গুদামে মজুদ করা হয়।
বিষয়টি জানার পর স্থানীয় কিছু ব্যক্তি প্রমাণসহ সেনাবাহিনীকে অবহিত করলে অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনায় তদন্ত করে মামলা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply