কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ থেকে ১০ জন লোকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের বাধায় চেষ্টা ব্যর্থ হয়ে যায়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের সঙ্গে থাকা লোকজনদের ফেরত নিয়ে যায়।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১০টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে আন্তর্জাতিক সীমানা ১০৬৪ নম্বর পিলার এলাকায়।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সীমান্তে গেট খুলে ভারতীয় বিএসএফ সদস্যরা ৮ থেকে ১০ জন লোককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা এবং এলাকাবাসী বাধা দিলে এবং চিৎকার শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই লোকজনদের নিয়ে ভারতের ভেতরে ফিরে যায়।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে বিজিবির টহলরত সদস্যরা কথা বলতে অনীহা প্রকাশ করেন।
Leave a Reply