কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
চাকরির সন্ধানে ভারতে গিয়ে পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কুড়িগ্রামের পাঁচ বাসিন্দাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা-নীমতলা সীমান্ত দিয়ে ফেরার সময় বিজিবির ৫৮ ব্যাটালিয়নের মহেশপুর ডি-কোম্পানির অধীন নীমতলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
আটক ব্যক্তিরা হলেন— মো. হাসান আলী (৫৭), মোছা. হাছনা বেগম (৪৩), মো. হান্নান মিয়া (১৬), মোছা. আলেয়া বেগম (৪৬) ও মো. সাইদুর রহমান (৫১)। তারা সবাই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও সদর থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বিজিবির ভাষ্য অনুযায়ী, এদের সবার কাছে কোনো বৈধ পাসপোর্ট ছিল না। বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করার পর বিজিবি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পাকা রাস্তা থেকে সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করে।
বিজিবি জানায়, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল এবং ফিরতি পথে আইন অনুযায়ী সঠিক পন্থা অবলম্বন না করে সীমান্ত অতিক্রম করেছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক পাঁচজনকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply