জবি প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন হৃদয়।
শুক্রবার (২৩ মে) সকালে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বুড়িগঙ্গা সেতু-৩ এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি ক্যামেরা, দুটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়।
মুন হৃদয় জানান, “ফটোশুটের কাজে সকালে কেরানীগঞ্জ গিয়েছিলেন। ফেরার সময় বুড়িগঙ্গা সেতু-৩ অতিক্রম করার মুহূর্তে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাদের পথরোধ করে। এর মধ্যে একজন তার পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে হুমকি দিয়ে বলে, “তোর কাছে যা আছে, সব দে।”
তিনি আরও বলেন, “আমার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি প্রফেশনাল ক্যামেরা ও মানিব্যাগ নিয়ে যায় তারা। আমার সঙ্গে থাকা সহকর্মী ইমরান ভাইয়ের ক্যামেরাটিও ছিনিয়ে নেয়। সবমিলিয়ে প্রায় তিন লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।”
ঘটনার পরপরই মুন হৃদয় কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, বুড়িগঙ্গা সেতু-৩ সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। বিশেষ করে ভোর কিংবা রাতের বেলায় পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন। তারা দ্রুত পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।
প্রসঙ্গত, মুন হৃদয় একজন উদীয়মান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তার তোলা ছবি National Geographic, Siena Awards, ও UNESCO Silk Road Photo Contest-এ প্রকাশিত ও সম্মানিত হয়েছে। এমন একজন আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত তরুণ প্রতিভার ওপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যাক্তিরা।
Leave a Reply