কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে এবং উজানের ঢলে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়েই চলেছে। এর ফলে রাজারহাট, রৌমারী ও উলিপুর উপজেলার অন্তত ১০টি পয়েন্টে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভাঙনের কবলে পড়া এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রহ্মপুত্রের পানি বাড়ার সঙ্গে সঙ্গে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট, রসুলপুরসহ চারটি পয়েন্ট এবং রৌমারী উপজেলার সোনাপুর এলাকার তিনটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। এছাড়া রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের তিনটি পয়েন্টে তিস্তার ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এ তথ্য জানা গেছে।
তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় আগামী তিন-চারদিন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে এই দুই নদ-নদীর অববাহিকায় বন্যার পূর্বাভাস থাকলেও পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই বলে জানিয়েছে পাউবো।
খোঁজ নিয়ে জানা গেছে, পানি বাড়ায় গত দুই সপ্তাহে ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙনে অন্তত ৫০ পরিবারের বাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে আরো শত শত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা।
জেলার কৃষি বিভাগ জানায়, তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের ১৩০ হেক্টর জমির চাষাবাদ করা বাদাম, তিলসহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়ে রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, নতুন চরগুলোয় আবাদ করা বাদাম ও তিলের খেতে পানি উঠেছে। পানি আরো বাড়ছে। দ্রুত না নামলে ফসল নষ্ট হয়ে যাবে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. আসাদুজ্জামান জানান, পানি দ্রুত নেমে না গেলে সবচেয়ে বেশি ক্ষতি হবে তিল ও বাদাম ফসলের।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, যেসব পয়েন্টে ভাঙন শুরু হয়েছে সেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে।
Leave a Reply