কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের সংবাদ সম্মেলনে তাকে “প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসর” হিসেবে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বপালনকালে তৎকালীন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে উজ্জ্বল কুমার হালদার আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন। সংগঠনের দাবি অনুযায়ী, তার নির্দেশে দায়িত্বে থাকা বিজিবি সদস্য ল্যান্স নায়েক মোস্তফা সাবমেশিনগান (এসএমজি) দিয়ে আন্দোলনকারীদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সংগঠনের দেওয়া তথ্যমতে, তিনি ওই সময় মোট ৯ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্বপালন করেন। তার নাম ‘জুলাই ঐক্য’ প্রকাশিত তালিকার ৫ নম্বরে রয়েছে। এ তালিকাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নথির আদলে প্রস্তুত করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উজ্জ্বল কুমার হালদার ২০২৫ সালের ২৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
এই বিষয়ে ইউএনও উজ্জ্বল কুমার হালদারের মন্তব্য জানতে তার সরকারি ও ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ মেসেজেও কোনো উত্তর দেননি তিনি।
একইভাবে, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply