কুড়িগ্রাম প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী নিচু চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে পেঁয়াজ, বাদাম ও কাউনের আবাদ তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এখন পর্যন্ত অন্তত অর্ধশত কৃষক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়রা জানান, তিস্তার পানি হঠাৎ বাড়তে শুরু করায় আগাম কোনো প্রস্তুতি নিতে পারেননি তারা। ফলে মাঠের ফসল পানির নিচে চলে যায়। এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, আগামী পাঁচদিনে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এসব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই, ফলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন,
“উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চলছে।”
Leave a Reply