মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের রবিশস্য তলিয়ে গেছে। গত চারদিনের টানা বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারেজ দিয়ে পাহাড়ি ঢল নামায় এ পানি বৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে, ফলে তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই। তবে রাজারহাট ও উলিপুর উপজেলার চর ও ডুবোচরের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে রাজারহাটের থেতরাই ইউনিয়নের কিশোরপুর চরাঞ্চলের বহু বাদাম ক্ষেত পানির নিচে চলে গেছে। এতে বাদামের গাছ পচে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা।
রাজারহাটের বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নেও একই অবস্থা দেখা গেছে। পানির তোড়ে কৃষকরা অপরিপক্ব বাদাম ও মরিচসহ বিভিন্ন ফসল দ্রুত তুলে নিচ্ছেন।
রাজারহাট উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে তিস্তার জেগে ওঠা চরগুলোতে ১৭৫ হেক্টর জমিতে বাদাম, ২০ হেক্টরে পাট, ৩ হেক্টরে মরিচ এবং ৫ হেক্টরে শাক-সবজি চাষ হয়েছে, যা বর্তমানে সবই পানির নিচে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, যেসব এলাকায় বাদামের ক্ষেত তলিয়ে গেছে, সেখানে কৃষকদের দ্রুত ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
উলিপুর উপজেলায় এ বছর বাদাম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৬৫ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হয়েছে। প্রতিবছরই বাদাম চাষে লাভবান হওয়ায় এই অঞ্চলের চরগুলোতে চাষাবাদ বেড়েছে।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বাদাম প্রায় পরিপক্ক হওয়ায় দ্রুত তা তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, এবং সরকারি সহায়তা এলে তা বিতরণ করা হবে।
হঠাৎ পানিবৃদ্ধিতে দিশেহারা কৃষকরা এখন সরকারের সহায়তার আশায় দিন গুনছেন।
Leave a Reply