কুড়িগ্রাম প্রতিনিধি:
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী তিন থেকে চার দিন এসব নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে বিপদসীমার নিচ দিয়েই পানি প্রবাহিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান। তিনি জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আপাতত বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই।
এর আগে শুক্রবার (১৬ মে) প্রকাশিত বন্যা পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে এবং আগামী দুই দিন তা অব্যাহত থাকতে পারে। তিস্তা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং শিগগিরই কমতে শুরু করবে বলেও উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কুড়িগ্রাম ও আশপাশের নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচেই থাকবে। এজন্য কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি বা নিম্নাঞ্চল প্লাবনের সম্ভাবনা কম বলে জানায় পাউবো।
নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন,
“উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে শুরু করেছে। এর প্রভাব ধরলা নদীতেও পড়তে পারে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমার কাছাকাছি যাওয়ার আশঙ্কা নেই।”
তবে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
Leave a Reply