কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
রংপুর-কুড়িগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, অবৈধ যানচলাচল বন্ধ এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন রংপুরের কাউনিয়ার স্থানীয় মানুষ।
বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে এই অবরোধ শুরু হয়। এতে রংপুর-কুড়িগ্রাম সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর আগে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
অবরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির নেতৃত্ব দেন কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) নেতা জালাল উদ্দিন ভূঁইয়া মামুন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম ও মাইদুল ইসলাম।
বক্তারা বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এক পরিবারের তিনজন সদস্যের মধ্যে দুজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারও একই গ্রামের আরেকটি পরিবারের তিন সদস্য এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন।
তারা অভিযোগ করেন, মহাসড়কটি এখনো চার লেনে উন্নীত না হওয়ায় এবং অবৈধ যানবাহনের চলাচলের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বেড়েই চলছে। তারা বলেন, “আর নয় নিশ্চুপ থাকা। এখনই সময় দাবি আদায়ের।”
Leave a Reply