অনলাইন ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চলতি এসএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মহেশা গ্রামের আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের দুই বছর বয়সী শিশু সন্তান রহমত আলী এবং ভাতিজি ও এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও ভাতিজিকে মোটরসাইকেলে করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে জুম্মার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই রুবিনা বেগম, শিশু রহমত আলী ও পরীক্ষার্থী স্নেহা মারা যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply