রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক এবং বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রোধে বিজিবি, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ একযোগে কাজ করছে।
শনিবার (১০ মে) বিকেল ৪টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে—সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিএসএফ এই পুশইন কার্যক্রম চালাচ্ছে। এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম পুলিশ যৌথভাবে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করে যাচ্ছে।
বিজিবির এ কর্মকর্তার দাবি, সীমান্তবর্তী দেশপ্রেমিক জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সঙ্গে প্রতিনিয়ত সীমান্ত পাহারায় কাজ করছে।
উল্লেখ্য, গত ৭ ও ৮ মে রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে মোট ৩২ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply