বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামে মাছ দিয়ে তৈরি সিঙ্গাড়া, চপ, ফিশ ফিঙ্গারসহ নানা মুখরোচক খাবার এখন তুমুল জনপ্রিয়। জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশেরহাট বাজারে সিরাজুল ইসলাম নামে এক উদ্ভাবনী উদ্যোক্তার হাতে এসব ভিন্নধর্মী খাবারের জন্ম। তার দোকানে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী ভোজনরসিক মানুষ।
সরেজমিনে দেখা যায়, দোকানে কর্মরত শ্রমিকরা প্রথমে মাছের আঁশ ও কাঁটা ছাড়িয়ে তা প্রসেস করছেন। এরপর তেলাপিয়া, সিলভার কার্প, পাঙাশ ও রুই মাছ ব্যবহার করে তৈরি করছেন ফিশ ফিলে, ফিশ পাকোড়া, ফিশ ফিঙ্গার, সিঙ্গাড়া, পুরি, ফিশ সামুচা, ফিশ বলসহ নানান স্বাদের ভাজা খাবার।
দোকানটি এখন দাশেরহাট বাজারের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী এই দোকানের ফিশ ফিঙ্গার ও চপ টিফিন হিসেবে খাচ্ছেন এবং বাসায়ও নিয়ে যাচ্ছেন।
উদ্যোক্তা সিরাজুল ইসলাম জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনদিনের প্রশিক্ষণ নিয়ে তিনিই প্রথম কুড়িগ্রামে মাছ দিয়ে স্ন্যাকস জাতীয় খাবার তৈরির উদ্যোগ নেন। ১৫ থেকে ৩০ টাকার মধ্যে এসব খাবার বিক্রি করছেন তিনি। ক্রেতাদের আগ্রহ এবং বিক্রি দুটোই ভালো বলেও জানান তিনি।
আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “জেলায় তিনজন উদ্যোক্তাকে ভ্যালু অ্যাডেড মাছভিত্তিক খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জনপ্রিয়তা পেলে ভবিষ্যতে আরও উদ্যোক্তা তৈরি হবে।”
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন, “মাছ দিয়ে তৈরি এই ধরনের খাবার শুধু মুখরোচকই নয়, বরং সব বয়সী মানুষের আমিষের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় পর্যায়ে পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান তৈরিতে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply