কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে প্রায় ছয় মাস ধরে আটক কুড়িগ্রামের সাতজন জেলের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে মানবিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ‘চিলমারী উপজেলার তরুণ প্রজন্ম’। শুক্রবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার সাতজন দরিদ্র মৎস্যজীবী ২০২৪ সালের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে জিঞ্জিরাম নদী পেরিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতের সীমান্তে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে মেঘালয়ের কালাইরচর থানায় হস্তান্তর করে। বর্তমানে তাঁরা তুরা কারাগারে জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না।
আটকদের পরিচয়:
১. রাসেল মিয়া (৩৫), হরিনের বন্দ, চিলমারী
২. বিপ্লব মিয়া (৪৫), ব্যাপারী পাড়া, রমনা, চিলমারী
৩. মীর জাহান আলী (৪৫), ব্যাপারী পাড়া, রমনা, চিলমারী
৪. বকুল মিয়া (৩২), ব্যাপারী পাড়া, রমনা, চিলমারী
৫. আমির আলী (৩৫), চিলমারী
৬. আঙ্গুর হোসেন (২০), বালিয়ামারী, রাজীবপুর
৭. চাঁন মিয়া (৬০), যাদুর চর, বকবান্ধা, রৌমারী
তাদের প্রত্যেকেই পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। দীর্ঘ অনুপস্থিতিতে পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েছে। কেউ কেউ অনাহারে দিন পার করছেন, শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। নানা প্রতিকূলতার মাঝেও পরিবারগুলো প্রথমে ভারতের দুইজন আইনজীবীর সহায়তা নিতে চেয়েছিল। কিন্তু একাধিক প্রতিশ্রুতি ও অর্থগ্রহণের পরও কোন অগ্রগতি না হওয়ায় পরিবারগুলো এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছে।
এ অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের নিকট মানবিক আবেদন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আজ আমরা দাঁড়িয়েছি নিঃশব্দ বন্দিদের পক্ষে, যারা কথা বলতে পারছে না, কিন্তু তাদের মুক্তির আর্তনাদ আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়।”
Leave a Reply