এফ. কে. আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদ্য নির্মিত সড়কে কার্পেটিং উঠে যাওয়া ও ফাটল দেখা দেওয়ার অভিযোগে সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান।
মঙ্গলবার (৬ মে) তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তার সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী হাসান আলী, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক ও প্রকল্পের কনসালটেন্ট আল আমিন।
জানা গেছে, স্থানীয় সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে প্রায় ১৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ির ধলডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকাকরণ করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়নে রয়েছেন স্থানীয় বেলাল হোসেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণের তিন দিনের মধ্যেই সড়কে ফাটল দেখা দেয় এবং বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। এতে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী।
পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান জানান, “অভিযোগের ভিত্তিতে বিটুমিনের ঘনত্বসহ (থিকনেস) বিভিন্ন দিক পরীক্ষা করে সেগুলো সঠিক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাস্তার প্রায় ১০ মিটার অংশ শাবল ও হাত দিয়ে তুলে ফেলেছে।”
উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক বলেন, “কাজ চলাকালীন কিছু ত্রুটি থাকতে পারে, যা আমরা কনসালটেন্টসহ পরিদর্শন করে সমাধান করেছি। তবে কার্পেটিং জমার জন্য ন্যূনতম সময় সাত দিন। আগের দিন কাজ শেষ করার পরের দিন যদি কেউ হাত দিয়ে উঠিয়ে ফেলে, সেটা খুবই দুঃখজনক।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ইয়াকুব রহমান শ্রাবণ বলেন, “এলাকাবাসী নির্মাণ কাজে অসন্তুষ্ট হয়ে কার্পেটিং তুলে ফেলেছে। আজকের পরিদর্শনে দেখা গেছে—এক জায়গায় থিকনেস ৫০ মি.মি ও অন্য জায়গায় ৫৫ মি.মি পাওয়া গেছে।”
প্রকল্প বাস্তবায়নকারী বেলাল হোসেন জানান, “প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে। তবে পাগলাহাট এলাকার কিছু ব্যক্তি শত্রুতামূলকভাবে রাস্তার একটি অংশ খুঁড়ে ফেলে। এ বিষয়ে আমি ভূরুঙ্গামারী থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।”
সড়ক নির্মাণে গুণগত মান রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও স্থানীয়দের সচেতন অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply