মাইদুল ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নারী ও শিশু অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র “প্রয়াস”। নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা। পাঠচক্রটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের নাগেশ্বরী শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সুমন।
এই সপ্তাহের আলোচ্য বিষয় ছিল “কুড়িগ্রামের নারী ও শিশু অধিকার: বাস্তবতা ও পরিবর্তনের আহ্বান”।
মূল আলোচনায় গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন বলেন, “কুড়িগ্রামের নারী ও শিশুদের অধিকার আদায়ের পথে বড় বাধা হলো দিকনির্দেশনার অভাব। বিশেষ করে চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক ও সাংগঠনিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “যেভাবে আমরা মহিলা ডাক্তার খুঁজি, তেমনি আমাদের উচিত আমাদের মেয়েদের সুশিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে তারাই হয়ে উঠতে পারে সমাজ পরিবর্তনের অগ্রদূত।”
সংগঠনের সদস্য ফাতেমা জান্নাত পুতুল বলেন, “সম্প্রতি একটি প্রকল্পের আওতায় চরাঞ্চলে গিয়ে বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি। অনেক অভিভাবক মনে করেন, মেয়েরা অল্প বয়সে ভুল পথে গেলে তার দায় কে নেবে—এজন্য তারা আগেভাগেই বিয়ে দিয়ে দেন। কিন্তু সচেতনতা, আত্মবিশ্বাস ও শিক্ষা দিয়েই এই ভয় দূর করা সম্ভব।”
পাঠচক্রে শিশুশ্রম নিয়েও আলোচনা হয়। শিশুশ্রমকে সমাজের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে এ বিষয়ে সচেতনতা ও সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
পাঠচক্র শেষে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা ঘোষণা দেয় যে, তারা শিগগিরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চরাঞ্চলে গিয়ে নারী ও শিশু অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ এবং শিশুশ্রম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালু করবে।
সংগঠনের সদস্যরা জানান, “প্রয়াস” এখন আর কেবল পাঠচক্রে সীমাবদ্ধ নয়। এটি এক সামাজিক আন্দোলনের নাম, যার প্রতিটি আলোচনা সমাজ পরিবর্তনের নতুন পথের দিশা দেয় এবং গড়ে তোলে দায়িত্বশীল প্রজন্মের সাহসী সংকল্প।
Leave a Reply