মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কিশোর-কিশোরীদের নৈতিকতা, সামাজিক সচেতনতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসাভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫), কচাকাটা থানা পুলিশের আয়োজনে কেদার পূর্ব খামার দাখিল মাদ্রাসায় এ বিশেষ সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম। তিনি মাদ্রাসার প্রতিটি শ্রেণিকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
ওসি নাজমুল আলম তাঁর বক্তব্যে বলেন, “বর্তমানে কিশোর-কিশোরীরা প্রযুক্তির সহজলভ্যতার কারণে বিভিন্ন নেতিবাচক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। তাই তাদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই তারা যেন সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে অবদান রাখতে পারে।”
তিনি আরও বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানানো এবং এ থেকে দূরে থাকার অনুপ্রেরণা দিতেই এই উদ্যোগ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধেও সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।”
মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও গঠনমূলক উল্লেখ করে বলেন, এই ধরনের কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার্থীরা ভুল পথে না গিয়ে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এই বিট পুলিশিং কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হয় বলে উপস্থিতিরা মন্তব্য করেন।
Leave a Reply