সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার শিক্ষাক্ষেত্রে নতুন মাইলফলক যুক্ত করলো শিবরাম আদর্শ পাবলিক স্কুল। ২০২৪ সালের রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফলে জেলায় শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবারে স্কুলটি থেকে মোট ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ৩৪ জন ট্যালেন্টপুলে এবং ৪৫ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
গত সোমবার (৫ মে) দুপুর ১২টায় প্রকাশিত ফলাফলের পর স্কুলজুড়ে বইছে আনন্দের জোয়ার। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্কুলের পরিচালক মো. রাশেদুল ইসলাম রাশেদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, “এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি পুরো লালমনিরহাট জেলার গর্বের বিষয়। শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সফলতা এসেছে।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও তাদের স্বপ্ন ও ভবিষৎ লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে। তারা জানায়, এই সাফল্য তাদের আরো উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়েছে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় বলেন, “এসোসিয়েশন বৃত্তির এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি অব্যাহত রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিবরাম আদর্শ পাবলিক স্কুলসহ কয়েকটি কিন্ডারগার্টেন বর্তমানে ভালো অবস্থানে রয়েছে।”
পরিচালক রাশেদুল ইসলাম আরও জানান, “এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
Leave a Reply