জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তির সুযোগ পেয়েও অর্থসংকটে থেমে গিয়েছিল কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী মইনুল হকের স্বপ্ন। তবে শেষমেশ তার পাশে দাঁড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ভর্তি ফি পরিশোধ করে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয় সংগঠনটি।
মইনুল হক জানান, “ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন আমার পাশে দাঁড়িয়েছে। আজ ছাত্রশিবির আমার ভর্তি ফি পরিশোধ করেছে। অন্য সংগঠনগুলোও নিয়মিত খোঁজখবর নিচ্ছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
জানা গেছে, মইনুল হক কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার দোলাটারী গ্রামের বাসিন্দা। ২০২২ সালে গঙ্গারহাট এমএএস উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০২৪ সালে ফুলবাড়ী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। নানা প্রতিকূলতা ও অভাব-অনটনের মধ্যেও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি।
তবে ভর্তি কার্যক্রম শুরুর দিনই হারান তার দীর্ঘদিনের অসুস্থ বাবা। বাবার মৃত্যু ও অর্থসংকটে থমকে যায় মইনুলের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন। পরে বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে বিভিন্ন ছাত্রসংগঠন ও ব্যক্তি এগিয়ে আসেন।
জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “মইনুলের বিষয়টি জানার পরই আমরা দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং ঢাকায় এনে ভর্তি সম্পন্ন করি। ভবিষ্যতে তার আবাসনের ব্যবস্থাও করব ইনশাল্লাহ। আমরা চাই না কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অর্থের অভাবে থেমে যাক।”
Leave a Reply