অনলাইন ডেস্ক:
চলতি মে মাসজুড়ে সারাদেশে ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং তাপপ্রবাহসহ বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস. এম. কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হতে পারে।
এছাড়া এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্রসহ হালকা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে জনজীবন ও কৃষিখাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬–৩৭°C) ও মাঝারি (৩৮–৩৯.৯°C) এবং ১ থেকে ২টি তীব্র (৪০°C-এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, মে মাসে দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানি বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
এই পরিস্থিতিতে আবহাওয়া বিশেষজ্ঞরা জনগণকে ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে কৃষক, জেলে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply