ফুলবাড়ি প্রতিনিধি:
ফুলবাড়ীতে গত শনিবার (২৬ এপ্রিল) রাতে ও সোমবার (২৮ এপ্রিল) ভোরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘন্টাব্যাপী ঝড় ও মুষলধারে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধান, ভুট্টা, মৌসুমি ফলসহ ঘরবাড়ি ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ১৮ হেক্টর বোরো ধান, ৩৫ হেক্টর ভুট্টা ও ১ হেক্টর শাক-সবজির জমি। এছাড়াও আম, কাঁঠাল, লিচু, কলা, সুপারি সহ বিভিন্ন ফল গাছের ফল ঝরে পড়ে এবং অনেক গাছ উপড়ে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত করে। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় রোববার ও সোমবার প্রায় সারাদিন উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
শিমুলবাড়ী এলাকার কৃষক আইয়ুব আলী, এমদাদুল ও আবেদ আলী জানান, ঝড়ে তাদের এক থেকে দেড় বিঘা জমির ধান ও ভুট্টা হেলে পড়েছে। তারা ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছেন।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার রাতে বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২ থেকে ৩২ কিলোমিটার, সঙ্গে ছিল ৪০.৮ মিলিমিটার বৃষ্টিপাত। সোমবার ভোরে বাতাসের গতি ছিল ৩৭ কিলোমিটার এবং বৃষ্টিপাত হয় ৩.৯ মিলিমিটার।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, “ফসল নুয়ে পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই তা নষ্ট হবে না। কৃষকদেরকে জমির পানি নিষ্কাশন ও ফসল দাঁড় করানোর বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন, “উপড়ে পড়া গাছপালা সরাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা শাখাকে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
Leave a Reply