মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রবল দমকা হাওয়ায় মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় বহু বসতঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ভেঙে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি বিভিন্ন সড়কপথ বন্ধ করে দেয়, আর ছিঁড়ে যায় বিদ্যুতের তার। ফলে কুড়িগ্রামের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘূর্ণিবাতাসের তাণ্ডবে একরের পর একর ধানক্ষেত মাটিতে লুটিয়ে পড়ে। বহু কৃষক তাদের স্বপ্নের ফসল ধ্বংস হয়ে যেতে দেখে ভেঙে পড়েছেন চরম হতাশায়। হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক ঘরবাড়ির চাল উড়ে গেছে, দেওয়াল ভেঙে পড়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হয়নি।
ঝড়ের প্রভাব কুড়িগ্রাম জেনারেল হাসপাতালেও পড়ে। হাসপাতালের ছয়তলায় জানালার গ্লাস ভেঙে পড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী তখন নিরাপদ আশ্রয়ের জন্য এদিক-ওদিক ছুটোছুটি করেন।
গ্রামেগঞ্জের আবাদি জমির বিপুল ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষগুলোর কষ্ট, আর সর্বত্র ভাঙচুরের চিত্র এখন কুড়িগ্রামে এক গভীর হতাশার আবহ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ শুরু করেছে বলে জানা গেছে। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছু সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অনুরোধ করেছেন সাধারণ মানুষ।
Leave a Reply