রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলারপাড় গ্রামের বাসিন্দা সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) কে বিশ্বনবীকে কটুক্তির অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি হাটে আপত্তিকর মন্তব্যের পর বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাতে তার বাড়িতে অভিযান চালালেও সোমবারু পালিয়ে যান। পরে রাত ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ, রাজারহাট থানা ও মিঠাপুকুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মজনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (২৬ এপ্রিল) সোমবারুকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply