রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলাবিভাগ, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত এ ইউনিটে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯৬ হাজার ১৬২ জন পরীক্ষার্থী। এর মধ্যে গ্রুপ-১ এ উপস্থিত ছিলেন ৪১ হাজার ১১৭ জন, উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ৭০৩ জন (৪৩.০৬ শতাংশ) এবং গ্রুপ-২ এ উপস্থিত ছিলেন ৪১ হাজার ৩১৩ জন, উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৮২৬ জন (৩৮.৩১ শতাংশ)।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://application.ru.ac.bd তে লগইন করে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।
প্রাথমিক ফলাফলে যারা ন্যূনতম ৪০ নম্বর পেয়েছেন এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগ (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য; গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস) ও কলা অনুষদের অন্তর্ভুক্ত সংগীত এবং নাট্যকলা বিভাগে ভর্তি হতে চান, তাদের জন্য ব্যবহারিক পরীক্ষা বাধ্যতামূলক। এসব বিভাগে ভর্তিচ্ছুদের আগামী ২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৩ মে। চারুকলা অনুষদের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।
এ ছাড়া ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষার জন্য MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি অংশে সর্বোচ্চ নম্বর পাওয়া দুটি গ্রুপ থেকে মোট ১,৬৬৪ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের লিখিত পরীক্ষা হবে ১১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
পরবর্তীতে বিষয় পছন্দক্রম অনুযায়ী বিভাগভিত্তিক চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://admission.ru.ac.bd এবং ভেরিফায়েড ফেসবুক পেজ University of Rajshahi তে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল (২৬ এপ্রিল) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই, ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।
Leave a Reply